ঢাকা   রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরিষ্কার হয়ে গেছে আমরা এক, মামুনুল হককে হেফাজত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৪৬ পিএম

পরিষ্কার হয়ে গেছে আমরা এক, মামুনুল হককে হেফাজত আমির

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। রবিবার (১৭ মে) সকালে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, “আজ পরিষ্কার হয়ে গেছে, আমরা এক। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।”

এ সময় শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনীভিত্তিক স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ হাদিয়া হিসেবে প্রদান করা হয়।

পরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলগুলোকে নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে। এই জোটে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তবে বর্তমান জাতীয় পরিস্থিতি মোকাবেলার স্বার্থেই এ রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকীদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য আগেও ছিল এবং এখনও বহাল রয়েছে। এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আদর্শিক বা আকীদাগত ঐক্য নয়; বরং এটি বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য।

মাওলানা মামুনুল হক আরও বলেন, হেফাজতে ইসলামের আমির যে কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তা ও আকীদার কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ হেফাজতের শরিক সংগঠনগুলো দৃঢ়ভাবে সেই আকাবির-আসলাফের ধারাকেই ধারণ করে চলেছে।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম পূর্বসূরীদের আদর্শ অনুসরণ করে কুরআন-সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি। দেশ ও ইসলামের স্বার্থে, ইসলামের ওপর দেশীয় বা আন্তর্জাতিক যেকোনো আঘাতের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের ন্যায় দৃঢ়তার সঙ্গে মাঠে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জাসিমউদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ প্রমুখ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!