আগামী অর্থবছরের বাজেট যদি দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার না হয়, তবে অর্থনীতির গতিশীলতা ফেরাতে সরকারকে সহযোগিতায় জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
আজ রোববার অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সঙ্গে জামায়াতের ‘বাজেট ভাবনা’ আলোচনায় এ কথা বলেছেন তিনি। রাজধানীর ইআরএফ মিলনায়তনে এ অনুষ্ঠানে গোলাম পরওয়ার বলেন, বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি। বাজেট যাতে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার হতে না পারে এজন্য তিনি সরকারকে সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে এবং অর্থপাচার বন্ধে সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে। স্বাধীনতা পরবর্তী সব বাজেট হয়েছে ঋণ নির্ভর। জামায়াত এমন বাজেট চায়, যেখানে জনগণের ট্যাক্সের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, বাজেটের লক্ষ্য হতে হবে জনগণের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন।
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস বিভাগের ডিন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম। আলোচনায় অংশ নেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি, সাবেক সিনিয়র সচিব খ. ম খবিরুল ইসলাম প্রমুখ।
বার্তা বাজার/এস এইচ






