লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও গভীর রাতে মশাল মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নের একটি কক্ষে গোপনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে পাটোয়ারীহাট ইউনিয়ন ছাত্রলীগ। অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
রাত ১১টার দিকে অনুষ্ঠানের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন অর রশীদ চৌধুরী। ক্যাপশনে তিনি লেখেন, জয় বাংলা বলে এগিয়ে যাও, সফলতা আসবেই ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ ছাত্রলীগকে কেউ দাবায়া রাখতে পারবে না।
এরপর রাত ১টার দিকে আরেকটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় ৩ নম্বর চরলরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগ মশাল মিছিল বের করেছে। ওই পোস্টের ক্যাপশনে হারুন লেখেন, জননেত্রী শেখ হাসিনার পথচলা মসৃণ রাখতে কমলনগর উপজেলা ছাত্রলীগ বদ্ধপরিকর।
ভিডিও দুটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে উপস্থিত ছাত্রলীগ নেতাদের মন্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও কেউ সাড়া দেননি।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সম্পূর্ণ সতর্ক রয়েছে।






