গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় প্রশ্ন তোলেন তিনি।
রোববার (০৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, লোডশেডিং কিংবা মেরামতজনিত বিদ্যুৎ বিভ্রাট যে কারণই বলা হোক না কেন, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার ঘটনাই বাস্তবতা।
রুমিন ফারহানা আরও বলেন, বিদ্যুৎমন্ত্রী সংসদে আশ্বাস দিয়েছিলেন যে ১ মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি। এ অবস্থায় কবে নাগাদ কারখানাটিতে গ্যাস দেওয়া সম্ভব হবে, তা জানতে চান তিনি।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে গ্যাসের সীমাবদ্ধতার কারণে বর্তমানে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ করতে হচ্ছে। মন্ত্রী বলেন, উনি বিদ্যুৎও চাচ্ছেন, আবার ফার্টিলাইজার কারখানাতেও গ্যাস চাচ্ছেন।
কিন্তু গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। বিদ্যুৎকেন্দ্রগুলো চালিয়ে রাখতে হচ্ছে। সে কারণেই আপাতত সেখানে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে কোনো ড্রিলিং কার্যক্রম হয়নি। বর্তমান সরকার নতুন করে ড্রিলিং শুরু করেছে। গ্যাসের নতুন উৎস পাওয়া গেলে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো শিল্পপ্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে দেওয়া মন্ত্রীর আগের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সংসদে ১ মে থেকে গ্যাস সরবরাহের কথা বলা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় যাচাইবাছাই করে আরও সতর্ক থাকার আহ্বান জানান স্পিকার।






