বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের পরামর্শে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, বর্তমানে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় তার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, “বর্তমানে প্রয়োজনীয় সব মেডিকেল টেস্ট চলমান রয়েছে। রিপোর্ট অনুযায়ী, তিনি শারীরিকভাবে স্থিতিশীল। চিকিৎসকরা আগামী শনিবার (৩ আগস্ট) বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছেন।”
তিনি আরও জানান, হাসপাতাল থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, এনসিপি নেতারা জামায়াত আমিরের সঙ্গে কিছু সময় একান্তে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।






