খুলনায় ফজরের নামাজ চলাকালে রোববার মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে গুলি করে মসজিদ কমিটির সেক্রেটারি ও অপর এক মুসল্লিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, রোববার ভোর সাড়ে ৫টার দিকে খুলনা নগরীর দৌলতপুরে বিএল (ব্রজলাল) কলেজ রোডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে গুলি করে হত্যাচেষ্টা খুবই উদ্বেগজনক ও ন্যাক্কারজনক ঘটনা। আমি নাগরিক সাধারণের নিরপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, মসজিদের মতো পবিত্র জায়গায় সন্ত্রাসীরা মুসল্লিদের হত্যাচেষ্টা চালিয়েছে, যা খুবই দুঃসাহসিক, বর্বর ও ষড়যন্ত্রমূলক। এ ঘটনার মধ্যদিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতির বহ্নিঃপ্রকাশ ঘটেছে এবং সন্ত্রাসীদের দমনে সরকার ও স্বরাষ্টমন্ত্রীর ব্যর্থতা ফুটে উঠেছে। একই সঙ্গে সরকারের উদাসীনতাই প্রমাণ করে যে, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের মদদ রয়েছে।
তিনি আরো বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী গুলিবিদ্ধ লোকমান হাকিম (৪৫) মসজিদ কমিটির সেক্রেটারি এবং আলম শেখ (৫৫) সাধারণ মুসল্লি। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
তিনি গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করাসহ যথাযথ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।






