ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাইয়ের মোড়কে অপরাধে ছাড় নয়, প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ নাহিদের”

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৯:২৭ পিএম

জুলাইয়ের মোড়কে অপরাধে ছাড় নয়, প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ নাহিদের”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেছেন, “জুলাই আন্দোলন, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম কিংবা এনসিপির নাম ব্যবহার করে কেউ যদি অসাধু উদ্দেশ্যে অপকর্মে লিপ্ত হয়, তাহলে প্রশাসনকে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে।”

শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন শুধু নয়, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন স্তরের অনেক নেতাকর্মী এখন চাঁদাবাজির সঙ্গে জড়িত। এসব অনিয়ম সহ্য করা যায় না। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি থেকে দেশকে মুক্ত করাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত।”

‘জুলাই আন্দোলনের প্রাপ্তি এখনও অসম্পূর্ণ’

জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে কী অর্জন হয়েছে—এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, “আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকারের ওপর দায়িত্ব সবচেয়ে বেশি ছিল। আশা করি, জুলাই সনদের মাধ্যমে অন্তত আংশিক বাস্তবায়ন হবে।”

তিনি জানান, ৩ আগস্ট একটি ঐতিহাসিক দিন। গত বছর ঠিক এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। এ বছরের ৩ আগস্টও সেখানে এনসিপি’র পক্ষ থেকে বড় সমাবেশ হবে। তবে, নাগরিক দুর্ভোগ যাতে না হয়, সেদিকে সতর্ক থাকবে দল।

ছাত্রদলের কর্মসূচি সরানোয় এনসিপির কৃতজ্ঞতা

একই দিনে শহীদ মিনারে এনসিপির সমাবেশ থাকায় ছাত্রদল তাদের কর্মসূচি সরিয়ে শাহবাগে নিয়েছে বলে জানান নাহিদ। তিনি ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “এই সিদ্ধান্তে রাজনৈতিক সৌহার্দ্যের নজির স্থাপিত হয়েছে।”

তিনি আরও বলেন, একই দিনে বড় দুটি রাজনৈতিক কর্মসূচি ও এইচএসসি পরীক্ষা থাকায় রাজধানীতে যানজট ও কিছু ভোগান্তি হতে পারে। এজন্য আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।

জুলাই ঘোষণাপত্র ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন চান এনসিপি

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট সরকার ‘জুলাই ঘোষণাপত্র’-এর মাধ্যমে গণ-আন্দোলনের বিভিন্ন পক্ষ ও রাজনৈতিক দলের একযোগে একটি উদ্যোগ ঘোষণা করতে যাচ্ছে। এই প্রচেষ্টাকে এনসিপি স্বাগত জানায়।

তিনি দাবি করেন, “জুলাই সনদের বেশিরভাগ ধারায় ইতিমধ্যেই রাজনৈতিক ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে এখনও মতানৈক্য রয়েছে। কমিশনের কাছে জানতে চাওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো সুস্পষ্ট অবস্থান জানায়নি।”

নাহিদ জোর দিয়ে বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠন হতে হবে। নতুন সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেওয়া যাবে না।”

সম্মেলনে আরও যারা ছিলেন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল-আমিন, এস. এম. সাইফ মোস্তাফিজ ও মো. নিজাম উদ্দিন প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন