ভারত সবসময় শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও তাঁর দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রেখে এসেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার রাজধানীতে সীমান্তে হত্যা, পুশ-ইন ও কাঁটাতারের রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভারত কখোনো সম্মানজনকভাবে সম্পর্ক ডিল করে নাই। তারা শুধু শেখ পরিবার আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রেখেছে।
বাংলাদেশে থাকা সকল কূটনীতিককে সীমান্তে নিয়ে গিয়ে ভারত কী ধরনের অপরাধ এবং আন্তর্জাতিক আইন ভাঙছে তা দেখানোর অনুরোধ করেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, যাদের হত্যা করা হয়েছে তাদের পরিপূর্ণ তালিকার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে। পুশ–ইন করার কিছু নিয়ম আছে। সেই নিয়মের তোয়াক্কা না করে মধ্যরাতে ভারত বাংলাদেশে লোক পাঠাচ্ছে। তিনি বলেন, দুটি স্বাধীন রাষ্ট্রে যেমন পররাষ্ট্র নীতি থাকা দরকার সেই অনুযায়ী চলতে হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এটি বাংলাদেশকে অপমান করা হয়েছে।
এদিকে, সরকার পুশ-ইন ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সংসদে বিভিন্ন বিষয়ে হাস্যরস হলেও পুশ-ইন নিয়ে আলোচোনার সময় দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বার্তা বাজার/এস এইচ






