২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মেডিকেল জোন শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. জুলফিকার আলী। এছাড়া সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. আদনান হামজা। বুধবার (২৪ জুন) রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদের সই করা এক বিজ্ঞপ্তিতে সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।
এদিন শাখা সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এছাড়াও সদস্য সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান ছাড়াও শাখার সাবেক সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২৬ সেশনের বাকি সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. জুলফিকার আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ডা. জুলফিকার আলী শাখা সেক্রেটারি হিসেবে ডা. আদনান হামজাকে মনোনীত করেন। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি হয়।






