মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাধারণ মানুষ যাতে তাদের জনপ্রতিনিধিকে সরাসরি নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানাতে পারেন, সে লক্ষ্যেই ‘জনতার সংযোগ’ নামে টেলিফোন বুথ চালু করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘জনতার সংযোগ’ নামে টেলিফোন বুথ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জনতার সংযোগ’ কার্যক্রমের মাধ্যমে জনগণ অবশ্যই উপকৃত হবেন। কারো হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে বা অন্য কোনো সমস্যায় পড়লে তিনি বুথের লাল বাটনে চাপ দিলেই এমপির মাধ্যমে তার সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। লাল বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে সরাসরি ফোন চলে আসবে। পরে আমার প্রতিনিধি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। এই জনতার সংযোগ সার্বক্ষণিক চালু থাকবে। এটি বাংলাদেশে প্রথম উদ্যোগ।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের আগে বলেছিলাম, প্রতিটি ইউনিয়নে আমার একটি বুথ থাকবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আজ ১২টি ইউনিয়ন এবং শহরের আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় এই টেলিফোন বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান এবং বিএনপি ও এর বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতারা। পরে প্রতিমন্ত্রী স্থানীয় এক জনসভায় যোগ দেন।






