জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, আন্দোলন রংপুরে হলেও উন্নয়ন বাজেটের বড় অংশ দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জাতীয় যুবশক্তির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. আতিক মুজাহিদ বলেন, ‘আপনারা শুনেছেন, অর্থমন্ত্রী অনেক কষ্ট, মায়া-দয়া করে বলেছে, রংপুর অঞ্চলের জন্য তিন হাজার কোটি টাকার একটা বাজেট রেখেছে। কিন্তু উন্নয়ন বাজেট বাংলাদেশের তিন লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা। সেখানে তিন হাজার কোটি টাকা কয় শতাংশ হয় ভাই? এক শতাংশ। দুই কোটির মানুষের জন্য এক শতাংশ বাজেট দিয়ে উন্নয়ন ঘটানো সম্ভব?’
তিনি বলেন, ‘এখন লোকে বলে আন্দোলন হয় রংপুরে, কিন্ত আমি বলতে চাই না, নিন্দুকেরা বলে বাজেট যায় দক্ষিণে। আমাদের অঞ্চলের মানুষকে দীর্ঘদিন পিছিয়ে রাখা হয়েছে। পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে।’
রংপুরে গ্যাস ও শিল্পপ্রতিষ্ঠানের অভাবের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের এখানে গ্যাসও আসে না, শিল্প প্রতিষ্ঠানও আসে না। আমরা মঙ্গা আর বেকারই থেকে যাই।’
রংপুরের উন্নয়নে ন্যায্য বরাদ্দ দাবি করে তিনি বলেন, দেশের আলু উৎপাদনের ৭২ শতাংশ এবং খাদ্য উৎপাদনের ৪০-৫০ শতাংশ রংপুর অঞ্চল থেকে আসে। এজন্য এই রাষ্ট্রের কাছে ন্যায়বিচারের জন্য রংপুর অঞ্চলের মানুষকে যথাযথ মূল্যায়ন করতে হবে।
যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক উদারতা দেখিয়ে আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ১৩ দিনের মাথায় তাকে হত্যা করা হয়। Politics
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পুরোনো কেন্দ্রীয় কারাগারে একাকী রেখে নির্যাতন করা হয়েছিল। কিন্ত আপনি যেভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা ওপেন রেখেছেন তা আপনাদের করুণ পরিণতি ডেকে আনবে।
বিভাগীয় যুব সমাবেশে মহানগর যুবশক্তির সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা যুব শক্তির সভাপতি রাকিবুল ইসলাম তৌফিক, যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান বাবু, মহানগর এনসিপির সদস্যসচিব আব্দুল মালেকসহ এনসিপি, জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতারা।






