জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদসহ ১১ জন জামিন পেয়েছেন।
হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. আব্দুল মান্নানের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আজ রোববার দুপুরে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক।
জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।
জামিনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, ‘মামলায় ঘটনার সময়, স্থান ও আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বর্ণনা নেই। এসব বিষয় আদালতের নজরে আনা হলে আদালত জামিনের আদেশ দেন।’
উল্লেখ্য, গত ২৮ জুলাই বিকালে হবিগঞ্জ শহরের টাউনহলের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ২৯ জুলাই রাতে হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন। এতে জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়।






