জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে বললেন, সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী এবং তার সমমনা ১১ দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে বিরোধী দল তো আন্দোলনে আছে। সরকারকে সতর্ক করার আন্দোলন, জনগণকে সচেতন করার আন্দোলন, আমরা সব সময় আন্দোলনে আছি, আন্দোলনে থাকব। আবার জাতীয় সংসদেও আমাদের দাবি আদায়ের চেষ্টা করব।
‘তবে, সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বলে আমি মনে করি। কিন্তু মানুষের দাবি-দাওয়া বা সরকারের ভুল ধরে দেওয়ার জন্য যে পরিমাণ চাপ সৃষ্টি করার দরকার, সেটা আমরা করছি’-উল্লেখ করেন জামায়াতের এ নেতা।






