ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: শিবির সভাপতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম

ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: শিবির সভাপতি

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে এর পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলা, ক্যাম্পাস দখলের চেষ্টা ও সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ছাত্রজনতা রাজপথেই এর প্রতিরোধ গড়ে তুলবে।

বুধবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ছাত্র গণজমায়েতে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে রাজু ভাস্কর্যে এসে সমাবেশ শেষ করেন নেতাকর্মীরা। ৫ আগস্টের গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিত করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণহত্যার বিচার ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কথা বলার কথা থাকলেও বাস্তবে শিক্ষাঙ্গনে নতুন করে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদলের নামে বিভিন্ন ক্যাম্পাসে যাদের দিয়ে কমিটি করা হয়েছে, তাদের অনেকেই প্রকৃত ছাত্র নন। বহিরাগত ও দীর্ঘদিন আগে ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিরা এসব কমিটিতে জায়গা পেয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। এমনকি রাতে ঘুমন্ত শিক্ষার্থী ও সাধারণ ছাত্রদের ওপরও হামলার ঘটনা ঘটেছে।

সরকারের উদ্দেশ তিনি বলেন, ছাত্রদলের সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন। তা না হলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিটি সন্ত্রাসীর লাগাম টেনে ধরা হবে। ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে।

তিনি অভিযোগ করেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার অবহিত করা হলেও হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

ছাত্রশিবির সভাপতি বলেন, ক্যাম্পাসে হল দখল, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থান বজায় রাখতে তারা বদ্ধপরিকর। তবে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তপাত হলে তার দায় সরকারকেই নিতে হবে।

সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, ভেবেছিলাম বিএনপির সুবুদ্ধির উদয় হয়েছে এবং এবার শিক্ষাঙ্গনে শান্তি ফিরে আসবে। সেখানে মেধার চর্চা ও গবেষণা হবে এবং আলোকিত মানুষ তৈরি হবে। কিন্তু তাদের কর্মকাণ্ড মনে হচ্ছে, ক্যাম্পাসগুলো দখল করে পুনরায় চাঁদাবী আর টেন্ডারবাজিতে মেতে উঠতে চায়।

তিনি আরও বলেন, এই শিক্ষার পরিবেশ জুলাই বিপ্লবের ফসল। ইসলামী ছাত্রশিবির প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রসংসদ নির্বাচনে নিজেদের চরিত্র ও আদর্শ দিয়ে ছাত্রদলকে ধরাশায়ী করেছে এবং ছাত্রসমাজের সমর্থনের ভিত্তিতে তাদের পরাজিত করেছে। এই রাজনৈতিক ও আদর্শিক পরাজয়কে আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়েই ছাত্রদল সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তাবায়নের জন্য আহ্বান জানান। অন্যথায় জনগণ আপনাদের বাধ্য করবে।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান পুলিশের আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্দেশে অভিযোগ করেন, গতকাল পুলিশের পাহারায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী, গুন্ডা ও বহিরাগতরা ‘হায়নার মতো’ হামলা চালিয়েছে। তিনি পুলিশ কর্মকর্তাদের আগের আইজি ও কমিশনারের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারাও একই কাজ করেছিলেন, কিন্তু শেখ হাসিনা তাদের রক্ষা করতে পারেননি।

তিনি আরও বলেন, ভারতের সেবাদাস শেখ হাসিনা জনতার আন্দোলনের মুখে কীভাবে পালিয়ে গিয়েছিলেন, সেই ইতিহাস বর্তমান সরকারের জানা আছে। জানা না থাকলে জেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেই পরিণতি স্মরণে থাকলে এত দ্রুত এসব অপকর্মে জড়িত হওয়ার কথা নয়।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম এমপি বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ ইসলামী ছাত্রশিবিরকে ভালো করেই চেনে। তারা জানে বলেই গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এসে ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মাধ্যমে চলমান গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দা হাসিলের চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে ইসলামী ছাত্রশিবির চরম ধৈর্য, সাহসিকতা ও প্রজ্ঞার সঙ্গে চলমান গণআন্দোলনকে এগিয়ে নিয়ে শেখ হাসিনার পতন ত্বরান্বিত করাকে একমাত্র লক্ষ্য হিসেবে নিয়েছিল।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রতিপক্ষের মূল কারণ মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনা নয়, বরং ছাত্রদল টেন্ডারবাজি করতে চায় এবং ছাত্রশিবির তা করতে দিতে চায় না।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টই এর ফয়সালা হয়ে গেছে। নতুন করে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে ছাত্রদের মন দখল করা যাবে না এবং মেধা ও কোটার ভিত্তিতে কোনো হল তো দূরের কথা, একটি সিটও দখল করতে দেওয়া হবে না।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের ক্যাম্পাস দখলের মূল পরিকল্পনা শুধু ছাত্রশিবিরকে বের করে দেওয়া নয়, বরং ক্যান্টিনে ফাও খেয়ে ক্যান্টিনগুলোকে দেউলিয়া করার পরিকল্পনাও তারা বাস্তবায়ন করতে চায়। ৫ আগস্ট বিজয় উৎসব পালনের দিনে ছাত্রদলের বিরুদ্ধে বক্তব্য দিতে দাঁড়ানো বাংলাদেশের, বিএনপির এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে কথা বলার পরিবর্তে বাধ্য হয়ে তারেক রহমানকে নিয়ে কথা বলতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি তারেক রহমানকে ছাত্রদলকে সামলানোর আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলকে সামলানো না হলে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই ছাত্রদল তারেক রহমানের পতন আরও কম সময়ে নিশ্চিত করে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করবে।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র গণজমায়েতে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মী, বিপুলসংখ্যক সংগঠনের জনশক্তি এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন