বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের কারণে ৭৫ বছরের পুরোনো দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। পক্ষান্তরে বেগম খালেদা জিয়া কোনো প্রতিহিংসার রাজনীতি করেননি, জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের পথে হেঁটে গেছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, ‘দেশের জনগণ দেখেছে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ওপর নির্যাতন করা হয়েছে, বেগম জিয়াকেও তারা অমানবিক নির্যাতন করেছে। ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শেখ হাসিনার প্রতিহিংসার ফলে তাকে কারাগারে হত্যা চেষ্টা করা হয়েছিল। চোর-ডাকাত খুনিদেরও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণেই তারেক রহমানের সফলতা দেখে যেতে পারেননি বেগম খালেদা জিয়া। নির্যাতিত না হলে হয়তো সেটি সম্ভব হতো। বেগম জিয়ার জন্ম না হলে গণতন্ত্র আর ন্যায় বিচার পেতাম না। আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা এবং অর্থনীতির উন্নতির সব কিছুই অর্জিত হয়েছে বেগম খালেদা জিয়ার আমলে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধুরী, আব্দুল বাসেত, আব্দুল জলিলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






