ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:৩৩ এএম

নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস

বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে ‘বিদায়’ নেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দলটির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে নেতাকর্মীদের বিদায় জানানোর কথা উল্লেখ করেন।

স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, “প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

রাষ্ট্রপতি নির্বাচনের একদিন আগে মির্জা ফখরুলের এমন বিদায়ী বার্তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বুধবারই দল ও সরকারের গুরুত্বপূর্ণ দুটি বৈঠকে অংশ নেন তিনি। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে অংশ নেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

দিনভর স্বাভাবিক ব্যস্ততার মধ্যে থাকলেও বুধবারের দিনটি ছিল মির্জা ফখরুলের জন্য আবেগঘন। দল ও সরকারের সঙ্গে দীর্ঘ পথচলার শেষ দিনে সহকর্মীদের সঙ্গে শেষবারের মতো বৈঠকে অংশ নেন তিনি।

জানা গেছে, দলীয় রাজনীতির সক্রিয় মঞ্চ থেকে বিদায়বেলায় শেষবারের মতো বক্তব্য দিতে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলেন মির্জা ফখরুল। এ সময় নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো কালবেলাকে বলেন, সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে সবার চোখে পানি চলে এসেছে। বিএনপির সংগ্রামী সাবেক মহাসচিবের জন্য খুবই কষ্ট লেগেছে। আসলে বিদায় যেমন আনন্দের, তেমনই কষ্টের।

বিএনপিতে যোগ দেওয়ার পর সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘ দায়িত্ব পালনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব পালনকালে তার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

তিনি বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না। বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে সবার কাছে দোয়া চান তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ভোটের মুখোমুখি হবেন মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সংসদে দলীয় শক্তির হিসাবে মির্জা ফখরুল এগিয়ে রয়েছেন। প্রাথমিক সমীকরণে মির্জা ফখরুলের পক্ষে ২৪৭ এবং অলি আহমদের পক্ষে ৯০ জন সংসদ সদস্য রয়েছেন। ফলে বৃহস্পতিবারই মির্জা ফখরুলের সামনে বঙ্গভবনের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১৩ আগস্ট বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে। এরপর তার রাষ্ট্রপতি প্রার্থী হওয়া এবং দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সামনে আসে। ফলে বুধবারের বৈঠকগুলো ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবেগ ও কৌতূহল তৈরি হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দশকেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কঠিন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন