সরকারের ভুল-ত্রুটি তুলে ধরাকে বিরোধী দলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি বলেছেন, সংসদে ও সংসদের বাইরে গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চায় এনসিপি। তবে কোনোভাবেই ‘পোষ্য বিরোধী দল’-এর ভূমিকা পালন করতে চাই না আমরা।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলেন। এ সময় দলের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, ‘সংসদে এবং সংসদের বাইরে আমরা গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চাই। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া আমাদের কাজ।’
বিএনপি সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সরকারের বিগত ১৮০ দিনের কার্যক্রমের ওপর আমরা তথ্য প্রকাশ করেছি। সরকারের কাজের সমালোচনা ও ভুল-ত্রুটি তুলে ধরা বিরোধী দলের দায়িত্বের অংশ। দেশে কোনো পোষ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় না এনসিপি।’
চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন এনসিপির নেতারা। সভায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






