ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবাঞ্ছিত ঘোষণার এক মাস পর নারায়ণগঞ্জে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ এএম

অবাঞ্ছিত ঘোষণার এক মাস পর নারায়ণগঞ্জে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার এক মাসের মাথায় নারায়ণগঞ্জে আসছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে মদনপুরে আয়োজিত পথসভায় তার উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গত ১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ওই কর্মসূচিতে বিএনপির নেতারা পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে তাকে নারায়ণগঞ্জে প্রতিহত করারও হুঁশিয়ারি দেওয়া হয়।

মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ওই সমাবেশে বক্তব্য দেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনও পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার কথা জানান।

তবে ওই ঘোষণার এক মাসের মধ্যেই ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নারায়ণগঞ্জে আগমনের বিষয়টি নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি করেছে।

জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার জানান, মদনপুরের পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পাশাপাশি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়া সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহরও উপস্থিত থাকার কথা রয়েছে।

লংমার্চ ও পথসভা ঘিরে প্রশাসনের সহযোগিতা কামনা করে যুবাইর সরদার বলেন, ‘আমাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা বা ভয় নেই। কারণ এই লংমার্চ ও সমাবেশ কোনো দলীয় স্বার্থে নয়, সাধারণ মানুষের বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম বৃদ্ধির প্রতিবাদে করা হচ্ছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘পথসভা ও লংমার্চ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।’

এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে আগের রাজনৈতিক উত্তেজনার পর এবার তার নারায়ণগঞ্জ সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কর্মসূচির পরিবেশ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন