জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার জি. খোজিন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমে পাঠানো জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করা হয় বৈঠকে।’
এদিন মস্কোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনে যোগ দিতে জামায়াত আমিরকে আমন্ত্রণ জানান রাশিয়ার রাষ্ট্রদূত। বৈঠকে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।





