
স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
মাদারীপুরের শিবচরে গাড়ি চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিক জেলার শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড দিয়ে ভাঙ্গা থেকে মোটরসাইকেল নিয়ে শিবচর যাচ্ছিল কালু সরদার দেবাশিষ (৩৫)। এসময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত দেবাশিষ জেলার শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামের রমেশ এর ছেলে।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের দাবির প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের কাজ চলছে।
/এমএইচ





