“গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা গড়ার প্রত্যয়ে” এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে “ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পরিবেশবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রহণ করা এই মহৎ কর্মসূচি বাস্তবায়িত হলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ভালুকা উপজেলার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুহিদুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত শিল্পায়নের ফলে ভালুকা শিল্পনগরীতে পরিবেশগত চাপ বৃদ্ধি পাচ্ছে। এমন বাস্তবতায় বৃক্ষরোপণ কর্মসূচি শুধু সৌন্দর্যবর্ধনের জন্য নয়, বরং বায়ু দূষণ রোধ, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু ভারসাম্য রক্ষায় তা কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ভালুকা প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা। এ ছাড়াও ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, ভালুকাকে একটি “গ্রিন অ্যান্ড ক্লিন” মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠান শেষে প্রতীকীভাবে কয়েকটি চারা রোপণের মাধ্যমে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা ঘোষণা করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
বার্তাবাজার/এমএইচ





