নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বেচাকেনার সময় মাদক বিক্রেতা ও সেবনকারীদেরসহ ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— নাজমা বেগম, মৌসুমী, নাজমুল, খলিল, মাসুদ রানা ও রিয়াজ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মৈকুলি এলাকায় মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার পর থেকে এলাকাবাসী “জিরো টলারেন্স” ঘোষণা করে। এর আগেও একাধিকবার মাদক ব্যবসায়ীদের ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু পুনরায় মাদক বেচাকেনা শুরু হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা।
শুক্রবার দিবাগত রাতে নাজমা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৪০ পিস ইয়াবাসহ নাজমা ও আরও পাঁচজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ঘর থেকে নগদ টাকা ও দেশীয় অস্ত্রও উদ্ধার করে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ২৪০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমএইচ





