ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচন অনিশ্চিত করতে বর্ণচোরা কিছু দল ও ব্যক্তিকে মাঠে নামানো হয়েছে: প্রিন্স

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম

নির্বাচন অনিশ্চিত করতে বর্ণচোরা কিছু দল ও ব্যক্তিকে মাঠে নামানো হয়েছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের নিরপেক্ষতা ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে প্রকাশ্যে ও গোপনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া উপদেষ্টাদের অব্যাহতি দিতে হবে এবং প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন কমিশন ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ঘোষগাঁও বাজারে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, দলনিরপেক্ষ দক্ষ সরকার ও প্রশাসনই নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত। বিগত দিনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিতর্কিত ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। এমনকি আগামী নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় সরকার ও প্রশাসনকে ব্যবহার করে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী মাঠকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

এছাড়াও প্রশাসনে এখনো এমন অনেক আওয়ামী সমর্থক রয়েছেন, যারা বিগত ১৫ বছরে আওয়ামী লাঠিয়াল বাহিনীর অংশ হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন। তাদের ক্ষমতায় রেখে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না; বরং আশঙ্কা রয়েছে, এদের মধ্য থেকেই কেউ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে।

তিনি বলেন, নির্বাচনী কাজে কোনো দলীয় বা রাজনৈতিকভাবে প্রভাবিত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে না। তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত বা অনিশ্চিত করতে বর্ণচোরা কিছু দল ও ব্যক্তিকে মাঠে নামানো হয়েছে। তারা জনসমর্থন না পেয়ে এখন পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। জনগণ অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জনসমস্যার সমাধান সম্ভব নয়। নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টাও জনগণ রুখে দেবে। সব প্রতিকূলতা মোকাবিলা করে ইনশাআল্লাহ আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জনসাধারণের প্রতি আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিদানে বিএনপি নতুন রাষ্ট্রব্যবস্থার পাশাপাশি জনগণকে উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টি করবে, বেকারত্ব দূর করবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

প্রান্তিক কৃষকদের জন্য থাকবে “ফার্মার্স কার্ড”, প্রতিটি পরিবারের মায়ের নামে “ফ্যামিলি কার্ড”, শিক্ষিত বেকারদের জন্য “বেকার ভাতা”, সরকার গঠনের ১৮ মাসের মধ্যে “এক কোটি নতুন কর্মসংস্থান”, সবার জন্য “চিকিৎসা — বিনা চিকিৎসায় মৃত্যু নয়” — এমন জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা তুলে ধরে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “তারেক রহমানের হাত ধরেই আলোকিত ধোবাউড়া ও হালুয়াঘাট গড়ে তুলব।”

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ধানের শীষের পক্ষে ঘরে ঘরে, জনে জনে প্রচারণা চালাতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা জনগণকে জানাতে হবে।

ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান মেম্বারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, ওয়ার্ড বিএনপি নেতা আজিনুল ইসলাম, আবুল কাশেম, জিল্লুর রহমান, আবদুল্লাহ আল কাফি, শফিকুল ইসলাম, ফিরুজ মিয়া, আজিজুল হক, সাইফুল ইসলাম ও উসমান আলী।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন