ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩ বছর আগে ফুল হাতে আ.লীগে যোগদানের অভিযোগ, এখন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এএম

৩ বছর আগে ফুল হাতে আ.লীগে যোগদানের অভিযোগ, এখন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে একসময় আওয়ামী লীগে যোগ দেয়া সাবেক ইউপি সদস্য শাজাহান আলী এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইউনিয়ন কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার প্রার্থিতা ঘিরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কচুয়া ইউনিয়ন কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় ২০২২ সালের ১৯ ডিসেম্বর শাজাহান আলী গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের পলাতক সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান এমপির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। এরপর তিনি দলীয় ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিতি পান।

তবুও কৌশলে বিএনপির ইউনিয়ন কমিটিতে নিজের পদ বহাল রাখেন তিনি। সম্প্রতি কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়ে মনোনয়নপত্র ক্রয় করলে তার আওয়ামী লীগে যোগদানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীরা জানায়, বিষয়টি জানাজানি হলে দলীয় বিরোধ ও সমালোচনার মুখে প্রাথমিকভাবে শাজাহান আলীর মনোনয়ন দু’বার অবৈধ ঘোষণা করা হয়। তবে চলতি মাসে উপজেলা বিএনপি নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করে এবং আগামী শনিবার (২৬ অক্টোবর) ভোটগ্রহণের প্রস্তুতি নেয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মসূচিতে সক্রিয় কর্মী ছিলেন। তিনি কীভাবে আবার বিএনপির সভাপতি প্রার্থী হন। তাদের আশঙ্কা, এমন বিতর্কিত সিদ্ধান্তে তৃণমূলের মনোবল দুর্বল হবে এবং দলীয় ঐক্যে ফাটল ধরতে পারে।

মুঠোফোনে কথা হলে শাজাহান আলী বলেন, আমি বিএনপির রাজনীতির সাথেই জড়িত এবং দলের দুর্দিনে মাঠে সক্রিয় ছিলাম। হামলা, ২০১৩ সালের রেল নাশকতার মামলা, হত্যা ও একাধিক মামলার আসামি হয়েছি। আজও কয়েকটা মামলা আদালতে চলমান রয়েছে। এর আগে উপজেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছি।

ফুলের তোড়া দেয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনো দলে যোগদান করি নাই। সেদিন রাস্তার পাশে এমপিকে স্থানীয়রা ফুল দিচ্ছিলেন। আমাকে ডেকে নেয়া হয়, আর এমপি রিপনের সঙ্গে থাকা সাজু নামে একজন বলেন—বিএনপি নেতা, এদিকে আসেন, ছবি তুলি। এটাই ছিল পুরো ঘটনা। কিন্তু বিষয়টি ভিন্নভাবে প্রচার করছেন দলেরই কিছু নেতাকর্মী দাবি করেন তিনি।

এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈদ প্রধান লাবু বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেয়া কেউ বিএনপির মনোনয়ন পেতে পারেন না। শাজাহান আলীর বিরুদ্ধেও সাবেক এমপি মাহমুদ হাসান রিপনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ রয়েছে। তবুও তাকে দলে নিতে মনোনয়ন বৈধ করা হয়েছে।

তিনি আরও জানান, কচুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য (মেম্বার) শাজাহান আলী তিন বছর আগে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। এরপর থেকে তিনি দলের সভা, সমাবেশ ও মিছিলে সক্রিয় ছিলেন এবং ২০২৪ সালের ফ্যাসিস্ট সরকারের পক্ষে ভোট করেছেন। রিপনকে এমপি বানাতে কাজ করেছেন বলেও দাবি তার।

শাজাহান আলীর মনোনয়নের বিষয়ে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট সাহেদুল ইসলাম বলেন, আগের নির্বাচন কমিশন শাজাহান আলীর মনোনয়ন বাতিল করেছিল। আমি দায়িত্ব পাওয়ার পর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী লিখিতভাবে তাকে বৈধ করার সুপারিশ পাঠান। তবে কমিশনের পক্ষ থেকে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বৈধ করিনি এবং ভোটের তারিখও এখনো চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী বলেন, উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কচুয়া ইউনিয়নের সাবেক সদস্য শাজাহান আলীর মনোনয়ন বৈধ করা হয়েছে। আগামী শনিবার কচুয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে শাজাহান আলীর আওয়ামী লীগে যোগদানের প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।

তবে স্থানীয়দের অনেকেই বলছেন, শাজাহান মেম্বার মূলত বিএনপির রাজনীতির সাথেই যুক্ত ছিলেন এবং দলের দুর্দিনে নেতৃত্ব দিয়েছে।হামলামামলা ও নির্যাতনের শিকারও হয়েছেন তিনিইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার ওঠাবসা বাড়ে। এর মধ্যে সাবেক এমপি মাহমুদ হাসান রিপনসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার অংশগ্রহণে সভা-মিছিলের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন