আর কোনো সরকার যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী ও সাংবাদিক শামসুল হক শারেক। তিনি আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে সরকার গঠনে সহযোগিতা করারও আহ্বান জানান।
উখিয়ার গয়ালমারা স্টেশনে এবি পার্টি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী অলী আহমদ।
শামসুল হক শারেক বলেন, জনগণের অধিকার নিশ্চিত করে ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে এবি পার্টি কাজ করছে। কোনো অপশক্তি যাতে আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা সংকট, মাদক সমস্যা ও যুবকদের কর্মসংস্থান সমাধান করা সময়ের দাবি।
বৈঠকে আরও বক্তব্য রাখেন—উখিয়া উপজেলা এবি পার্টির আহ্বায়ক সৈয়দ হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল হাকিম, হাজী ফরিদ আলম, জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক নেতা আয়াজ রবি, টেকনাফ উপজেলা সদস্য সচিব মো. তারেক রশীদ, মোহাম্মদ হাশেমসহ এলাকার মুরুব্বী ও দলীয় নেতারা।
অনুষ্ঠানে সাংবাদিক শারেককে এবি পার্টির মনোনয়ন দেওয়ায় তাঁকে সংবর্ধনা জানানো হয় এবং দলকে ধন্যবাদ জানানো হয়।
বার্তাবাজার/এমএইচ





