ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টেকনাফের পাহাড় থেকে মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

টেকনাফের পাহাড় থেকে মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে এক মানবপাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়– সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকজন নারী ও শিশুকে আটক করে রাখা হয়েছে। এর ভিত্তিতে গতকাল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালায়। অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার ও দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারচক্র উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরির আশ্বাস এবং কম খরচে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর ফাঁদে ফেলে। তারা সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল এবং মুক্তিপণের জন্য বন্দিদের নির্যাতন করতো।

আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন