আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন নাসা গ্রুপের শতাধিক শ্রমিক। মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে বাইপাইল–আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নাসা গ্রুপের কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এতে তাদের কয়েক মাসের বেতন, গ্র্যাচুইটি, ওভারটাইমসহ বিভিন্ন আর্থিক পাওনা ঝুলে যায়।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক বশির আহমেদ জানান, বিজিএমইএ, সেনাবাহিনী এবং শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ৩০ নভেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তারা মাত্র ২৫ শতাংশ পেয়েছেন। বাকিটা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন শ্রমিকরা।
আরেক শ্রমিক শেফালী আক্তার বলেন, পাওনা না পাওয়ায় জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বাসা ভাড়া, সন্তানের স্কুল ফি এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে শ্রমিকরা দ্রুততম সময়ে শতভাগ পাওনা পরিশোধের দাবি তুলে ধরেন। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।এসময় শিল্প পুলিশকে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তবে নাসা গ্রুপের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বার্তা বাজার/এস এইচ





