নড়াইল সদর উপজেলায় বালুবোঝাই লাটা গাড়ি উল্টে গাড়ির নিচে চাপা পড়ে চালক মো.হানিফ মোল্যা (২৩) নামের একজন নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হানিফ মোল্যা নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়নী গ্রামের জলিল মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২ টার দিকে হানিফ তার লাটা গাড়িতে বালুবোঝাই করে পোড়াডাঙ্গি এলাকা থেকে দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে মাইজপাড়া সুইচগেটের মোড় ঘুরতে গিয়ে বালুবোঝাই লাটা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লাটা গাড়িটি উল্টে যায়। পরে চালক হানিফ মোল্যা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বার্তা বাজারকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/এস এইচ





