চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তীব্র বাকবিতন্ডার জেরে শেষ পর্যন্ত পন্ড হয়ে যায় সভাটি। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সভা চলাকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তার বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করেন। এ সময় মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহমুদুল হক হায়দারী এতে আপত্তি জানান। মুহূর্তেই দুইপক্ষের মধ্যে তর্ক শুরু হলে সভায় অস্থিরতা দেখা দেয়। পরে পরিস্থিতি সামাল দিতে না পেরে কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা সভা অসমাপ্ত রেখে বের হয়ে যান।
এ বিষয়ে মোবারকপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক হায়দারী জানান, পরিকল্পিতভাবে কয়েকজন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মূল্যায়ন না করা নিয়ে বিতর্ক তুলেছিলেন। আমরা জানতে চেয়েছি-জিয়াউর রহমানকে রাজাকার বলার সময় কেন তারা প্রতিবাদ করেননি। রাজনৈতিক উদ্দেশ্যে এমন আলোচনা করা উচিতও নয়; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।
অপরদিকে এক মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ইউএনওর অনুমতি নিয়েই কথা বলছিলেন। তিনি শুধু বলতে চেয়েছিলেন দেশ স্বাধীন করেছেন যিনি, তাকে মূল্যায়ন করা হচ্ছে না। এত সাধারণ কথায় এমন আক্রমণাত্মক প্রতিক্রিয়া দুঃখজনক।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানান, এটি তার প্রথম কার্যদিবস ছিল। স্থানীয়দের সেভাবে চেনেন না। সভার শেষ অংশে একজন মুক্তিযোদ্ধার বক্তব্য ঘিরে দুইপক্ষের মধ্যে উত্তপ্ত বিতর্ক শুরু হলে তিনি সভা সমাপ্ত ঘোষণা করেন।
বার্তাবাজার/এমএইচ





