ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লায় বাস সার্ভিস চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-স্মারকলিপি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ এএম

কুমিল্লায় বাস সার্ভিস চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-স্মারকলিপি

কুমিল্লা-চাঁদপুর সড়কে আইদি পরিবহন নামের একটি বাস সার্ভিস চালুর দাবিতে নগরীতে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দাখিল করে।

আওয়ামী সিন্ডিকেট ও পরিবহন মালিক সমিতির বিরোধিতার কারণে গত দুই বছর ধরে কুমিল্লা জেলা প্রশাসন থেকে রুট পারমিটের অনাপত্তিপত্র না দেয়ার অভিযোগ তুলে শ্রমিকরা রোববার দুপুরে এ কর্মসূচি পালন করে।

এর আগে সকাল থেকে শ্রমিক নেতৃবৃন্দ নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ করে অবিলম্বে ওই পরিবহনের বাস চালুর অনুমতি দেয়ার দাবি জানান।

আন্দোলনকারী শ্রমিক নেতারা জানান, কুমিল্লা-চাঁদপুর সড়কে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। ওই সড়কে একমাত্র বোগদাদ পরিবহনের বাস সার্ভিস চালু আছে। এতে সড়কে বাস স্বল্পতার কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ওই সড়কে যাত্রীদের সেবায় আইদি পরিবহনের রুট পারমিট এবং কুমিল্লা জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র পাওয়া গেলে পরিবহন সংকটের পাশাপাশি বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হবে।

কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. বিপ্লব হোসেন বলেন, পরিবহন সিন্ডিকেটের কারণে কুমিল্লা-চাঁদপুর সড়কে নতুন পরিবহনের বাস চালুর অনুমোদন হচ্ছে না। এতে একটি মাত্র পরিবহনের বাস চালু থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে।

আইদি পরিবহনের স্বত্তাধিকারী মীর পারভেজ আলম বলেন, শাহরাস্তির ‘পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও এতিমখানা’ পরিচালনার লক্ষ্যে আইদি পরিবহন চালু করা হয়। সকল বৈধ প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৩ সালের ৩০ আগস্টে চাঁদপুর জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় চাঁদপুর-কুমিল্লা সড়কে আইদি পরিবহনের বাস চালুর ব্যাপারে অনুমোদন দেয়া হয়। পরে বিধি মোতাবেক ২০২৩ সালের ২ নভেম্বর কুমিল্লা জেলা প্রশাসন থেকে এ বিষয়ে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করা হয়। কিন্তু দীর্ঘ প্রায় দুই বছরেরও অধিক সময় পার হলেও অনাপত্তিপত্র পাওয়া যায়নি। এতে চাঁদপুর জেলা প্রশাসন থেকে রুট পারমিটও ঝুলে আছে।

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কবির আহমেদ বলেন, জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস স্টেশনে ধারণক্ষমতার তিনগুণ বেশি গাড়ি, তাই জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র দেয়া হচ্ছে না বলে জানি। কোনো সিন্ডিকেটের বাধায় আইদি পরিবহনের অনাপত্তিপত্র আটকে থাকার বিষয়টি জানা নেই।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক বলেন, আইদি পরিবহনের রুট পারমিটের অনাপত্তি ছাড়পত্র দিতে একটি আবেদন করা আছে। বিষয়টি সোমবারের সভায় উপস্থাপন করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন