লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ডাঙ্গাটারি সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে এক যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় নাগরিকরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে। আটককৃত যুবকের নাম আজিনুর রহমান (২৪)। তিনি ডাঙ্গাটারি এলাকার নুর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে মাঠে ঘাস কাটার সময় অনিচ্ছাকৃতভাবে আজিনুর সীমান্ত অতিক্রম করে ফেলেন। তখন ভারতীয় কিছু ব্যক্তি তাকে চোরাকারবারি সন্দেহে আটক করে শারীরিকভাবে নির্যাতনের পর নিজেদের এলাকায় নিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি বিজিবি ও থানা পুলিশকে অবগত করেন।
বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, ঘটনাটি জানার পর তিনি খোঁজখবর নিচ্ছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে, এ বিষয়ে জানতে ডাঙ্গাটারি ৫১ নম্বর বিজিবি ক্যাম্পের কমান্ডার রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করেও যোগাযোগ সম্ভব হয়নি।
পাটগ্রাম থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার জানিয়েছেন, প্রাপ্ত তথ্যে জানা গেছে আজিনুরকে ভারতের ৩০ বিএসএফ ব্যাটালিয়নের অধীন সরস্বতী ক্যাম্পে নেওয়া হয়েছে।





