দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় মানিকগঞ্জের দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি। তারা হলেন– মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা এবং মানিকগঞ্জ-১ আসনের বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজা। দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
এই দুই নেতা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বিভিন্ন সময় উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন তারা। বহিষ্কার প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা বলেন, আমি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। দল যাঁকে মনোনয়ন দিয়েছে সেটা মেনে নিতে পারিনি। দলের কাজ দল করেছে, আমার কাজ আমাকে করতে হবে। তিনি আরও বলেন, এই বহিষ্কারাদেশ শেষ কথা নয়। অনেকেই বহিষ্কার হয়েও পরে প্রমোশন পেয়েছেন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
জেলা কৃষক দলের সাবেক সভাপতি তোজাম্মেল হক তোজা বলেন, দল যেটা ভালো মনে করেছে সেটা করেছে, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি ভোটারদের কাছে জনপ্রিয় নন। নেতাকর্মী ও ভোটারদের মনোবাঞ্ছা পূরণের জন্য প্রার্থী হয়েছি। আশা করি, নির্বাচনে জয়লাভ করে আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব।
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরোজা খানম রিতা। অন্যদিকে, মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। এই দুই আসনে বিদ্রোহী প্রার্থীকে ঘিরে আসনগুলোয় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
বার্তা বাজার/এস এইচ





