আসন্ন নির্বাচনী ইশতেহারে বাঞ্ছারামপুর-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মহসিন নির্বাচিত হলে তিনি ‘এমপি সাহেব হিসাব দাও’ নামে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি চালু করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে জনগণের সামনে দাঁড়িয়ে উন্নয়ন কার্যক্রমের পূর্ণ হিসাব তুলে ধরবেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) সলিমাবাদে আয়োজিত এক পথসভায় এসব কথা জানান। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে কত টাকা বরাদ্দ এসেছে, সেই অর্থে কী কী উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, কোন কাজগুলো হয়নি এবং কেন হয়নি— এসব প্রশ্নের জবাব তিনি সরাসরি জনগণকে দেবেন।
মোহাম্মদ মহসিন বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তাহলে সংসদ সদস্য হিসেবে শুধু ক্ষমতার জায়গায় বসে থাকব না। জনগণের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, কিভাবে হচ্ছে— সে বিষয়ে জনগণকে নিয়মিত জানানোই হবে আমার দায়িত্ব। জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করছি। আমরা হ্যাঁ ভোটের জন্য জনতাকে বলছি।’
তিনি আরো বলেন, ‘জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই এমপি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য।’
বেকার সমস্যা, মাদক নির্মূলে পদক্ষেপ, তৃতীয় মেঘনা সেতু বাস্তবায়নের কার্যকর ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।
বার্তা বাজার/এস এইচ





