গাইবান্ধার পলাশবাড়ীর মহদীপুর এলাকায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নেতার বাড়ি থেকে দুইশত বাশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি ) রাত ৮ দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতার বাড়ি থেকে এ সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ওই জামায়াত নেতার নাম আল আমিন। তিনি পলাশবাড়ী উপজেলার বুজরুক বিষ্ণুপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।
তিনি ওয়ার্ড জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ আসে। পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের উত্তর পাশের ওই নেতার একতলা বাড়ির ভেতর থেকে ২০০টি বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। এ সময় আল আমিনকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান জানান, এই লাঠিগুলো রাখার কারণ জানতে পারিনি। আমরা তদন্ত করে দেখছি।
বার্তা বাজার/এস এইচ





