ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সালাহউদ্দিনের আসনে ভোটকেন্দ্রে জামায়াতপ্রার্থীর ওপরে হামলা, সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

সালাহউদ্দিনের আসনে ভোটকেন্দ্রে জামায়াতপ্রার্থীর ওপরে হামলা, সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গাড়ি বহরে হামলা করেছেন বিএনপি সমর্থকরা। তিনি নিরাপদে সরে গেলেও সংবাদ সংগ্রহে গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ সাংবাদিক আহত হয়েছেন। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এই আসনে ধানের শীষের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে চকরিয়া পৌর এলাকার ১ নং ওয়ার্ডের আর রায়েদ মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন— দ্য এশিয়ান এইজের বশির আল মামুন, দৈনিক ডেসটিনির এসএম রুহুল কাদের ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার মোহাম্মদ কফিল উদ্দিন। অপরদিকে হামলায় নেতৃত্ব দেওয়া বিএনপি সমর্থক নেজাম উদ্দিনকে শনাক্ত করতে পেরেছেন সাংবাদিকরা। তবে তার পূর্ণ পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ১ নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থকরা অবস্থা নিয়েছিলেন। তার সামনে দিয়ে জামায়াতের প্রার্থীর গাড়িবহর ও সাংবাদিকরা যখন যাচ্ছিলেন, সে সময় আব্দুল্লাহ আল ফারুকের ওপর পেছন থেকে হামলা করা হয়। উনি তেমন আহত হননি। হামলার সময় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে ভিডিও ধারণ করছিলেন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ওপরও চড়াও হয়। তাদেরকে ধানের শীষের স্লোগান দিয়ে মারধর করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন, আহত সাংবাদিকদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। একজনের মাথায় ব্যাপক আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে গিয়েছে। তার মাথায় সেলাই করা হয়েছে। ঘটনার পর ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেনাবাহিনী ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। স্থানীয়রা অভিযোগ করছেন, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন