চুয়াডাঙ্গা: ভারতে প্রবেশের সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক জনপ্রতিনিধি গোলাম মতুর্জাকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১১ মে) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তিনি দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত গোলাম মতুর্জা (৭২) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জীবননগর উপজেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম মতুর্জাকে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট আছে কিনা, তা যাচাই-বাছাই চলছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই তার গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন, আবার কেউ কেউ আইনের প্রয়োগ হিসেবেই দেখছেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। প্রয়োজনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





