ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমপি আখতার হোসেনের সফর ঘিরে হরতালের ডাক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

এমপি আখতার হোসেনের সফর ঘিরে হরতালের ডাক

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে ‌‘সাধারণ ভোটারের’ ব্যানারে হরতালের ডাক দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি আহ্বান করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪ এর সাধারণ ভোটারের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্পাদক নুরুল আমীন দাজু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।

বক্তারা বলেন, অবৈধভাবে জনগণের রায় ছিনতাই করে এমপি হয়ে আখতার হোসেন হারাগাছ সফরের কর্মসূচি দিয়েছেন। হারাগাছের মানুষ যখন ক্ষোভে ফুঁসে উঠেছে তখন তার এই সফর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা। আখতার হোসেনের এই সফরের প্রতিবাদে যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে জনসাধারণকে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান তারা।

এদিকে রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হারাগাছ পৌর এলাকার লোকজনের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের।

এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, রোববার হারাগাছ পৌর শহরে সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে এর আগে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেন ওই আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। ভোট পুনর্গণনার দাবি জানান তিনি। এছাড়া বিক্ষোভ মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তার সমর্থকরা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন