ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি কারখানায় ইফতারের সময় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় উপজেলার গ্লোবাল সুজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কারখানার সেলাই শাখায় কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার থেকে এক হাজার দুইশ শ্রমিক কাজ করেন। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজার এলাকার একটি হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়।
ফাহাদ মিয়া বলেন, ইফতার করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন। পরে একে একে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি দেখে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।
কারখানার সেলাই শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ইফতারে বিরিয়ানি খাওয়ার পর প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গুরুতর অসুস্থ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, বিরিয়ানি খাওয়ার পর অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এস এইচ





