ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কর্মদিবসেও বন্ধ সব পেট্রোল পাম্প, জ্বালানির জন্য হাহাকার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

কর্মদিবসেও বন্ধ সব পেট্রোল পাম্প, জ্বালানির জন্য হাহাকার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। সংকটের কারণে উপজেলার সবগুলো ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। ফলে কর্মদিবসেও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগ কয়েকগুণ বেড়েছে।

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব দেশের জ্বালানি খাতে পড়েছে। এরই প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠেছে শিল্পাঞ্চলখ্যাত রূপগঞ্জে। ঈদের ছুটি শেষে অফিস-আদালত ও শিল্পকারখানা চালু হলেও ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকায় দেখা দিয়েছে এই সংকট।

তেলের খোঁজে চালকদের এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটতে দেখা গেছে। বিশেষ করে পেট্রোল ও অকটেনের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা।

ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়ক সংলগ্ন প্রায় ১৪টি ফিলিং স্টেশনের একটিতেও জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। তবে সিএনজি স্টেশনগুলো খোলা থাকলেও গ্যাসের চাপ কম থাকায় পর্যাপ্ত সরবরাহ মিলছে না।

ভুক্তভোগী চালকরা জানান, একাধিক পাম্প ঘুরেও তেল পাওয়া যাচ্ছে না। এতে কাজ বন্ধ রেখে শুধু তেলের জন্যই ঘুরতে হচ্ছে। অনেক ক্ষেত্রে গাড়িতে থাকা অবশিষ্ট তেলও শেষ হয়ে যাচ্ছে, ফলে পথে বিপাকে পড়তে হচ্ছে।

অন্যদিকে ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না পাওয়ায় বাধ্য হয়ে পাম্প বন্ধ রাখতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাম্প চালু করা সম্ভব নয় বলেও জানান তারা।

দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন