লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা ও ভিম ধসে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- ঋতু বণিক, নাদিয়া আক্তার ও সামিয়া আক্তার। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালে হঠাৎ বিকট শব্দে ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে যায়। শ্রেণিকক্ষের সিসি ক্যামেরার ফুটেজেও ভেঙে পড়ার দৃশ্য ও শিক্ষার্থীদের ছুটোছুটি দেখা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকি নিয়েই তারা নিয়মিত ক্লাস করে আসছিল। দ্রুত ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণ না হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা জানায়।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জানান, এতে কয়েকজন ছাত্রী আহত হয়েছে।
প্রধান শিক্ষক মো. সেলিম জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চালানো হচ্ছিল। বিষয়টি উপজেলা ও জেলা পর্যায়ে একাধিকবার জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
এ ব্যাপারে রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ অবগত ছিল এবং বিষয়টি ঊর্ধ্বতন দপ্তরে জানানো হয়েছে। তবে বরাদ্দের অভাবে এখনো কোনো সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি।





