মানিকগঞ্জে হত্যা ও হামলার অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টা ১৫ মিনিটে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
আদালতে উপস্থিতির সময় চাঞ্চল্যকর একটি দৃশ্যের সৃষ্টি হয়। রিমান্ড শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় ক্ষুব্ধ জনতার একটি অংশ মমতাজ বেগমের দিকে ডিম ছুড়ে মারেন। পুলিশ দ্রুত তাকে গাড়িতে উঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। ঘটনার সময় আদালত চত্বর ছিল উত্তেজনাপূর্ণ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে সকালেই তাকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ২০১৩ সালের একটি রাজনৈতিক মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় মমতাজ বেগমকে প্রধান আসামি করা হয়। মামলাটি করেন সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা মো. মজনু মোল্লা। এই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এছাড়া মমতাজের সাবেক নির্বাচনী এলাকা হরিরামপুরে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া আরেক মামলায় আরও দুই দিনের রিমান্ড অনুমোদন করা হয়েছে। মামলাটি দায়ের করেন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
ওসি আবুল খায়ের আরও বলেন, “রিমান্ডের আদেশের পর আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ কিছু ব্যক্তি ডিম ছুড়ে প্রতিবাদ জানান। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”
উল্লেখ্য, মমতাজ বেগম দীর্ঘদিন ধরে সাংসদ ছিলেন এবং সাংস্কৃতিক অঙ্গনে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত।





