কুমিল্লা নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১,১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল রাতে অফিসার ইনচার্জের নেতৃত্বে শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জুবায়ের হোসেন জুয়েল (৩৩) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)-কে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেখানো মতে বসতঘরের একটি ভাঙা চেয়ারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১,১৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৩,৩১,৪০০ টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদক ও টাকা উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তারা এসব মজুদ রেখেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা বাজার/এস এইচ





