ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:২৯ এএম

গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় জ্বরের ওষুধ খাওয়াতে গিয়ে গলায় ট্যাবলেট আটকে বায়েজিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার মৌকুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বায়েজিদ ওই গ্রামের শ্রমজীবী মহব্বত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বায়েজিদ জ্বরে ভুগছিল। শিশুটির বাবা কাজের সন্ধানে বাইরে থাকায় মা একাই তাকে দেখাশোনা করছিলেন। সোমবার রাত ১০টার দিকে জ্বরের তীব্রতা কমাতে মা বায়েজিদকে অর্ধেক নাপা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করেন। ট্যাবলেটটি খাওয়াতে গেলে সেটি অসাবধানতাবশত শিশুর গলায় আটকে যায়। এতে দ্রুত শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. এহতেশাম শহীদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

তিনি বলেন, গলায় কিছু আটকে গেলে সাধারণত শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং ৫ মিনিটের বেশি বেঁচে থাকা কঠিন। সচেতনতার অভাবে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। শিশুদের জ্বরের জন্য ট্যাবলেট না খাইয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবসময় তরলজাতীয় ওষুধ (সিরাপ) সেবন করা উচিত।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!