নোয়াখালীর সদর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ উঠেছে। লুট হওয়া তেলের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. নিজাম উদ্দিন চৌধুরী (৪৫) আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পশ্চিম মাইজচরা গ্রামের বাসিন্দা।
ট্রলার মালিক মো. সিরাজ মাঝি অভিযোগ করেন, সাগরে মাছ ধরার ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তিনি তার পাঁচটি ট্রলার লক্ষ্মীপুরের রামগতিতে স্থানান্তর করছিলেন। এই ট্রলারগুলোর জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২২০০ লিটার ডিজেল সংগ্রহ করা হয়। মঙ্গলবার গভীর রাতে তেলবাহী পিকআপটি আন্ডারচর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে নিজাম উদ্দিন ও তার সহযোগীরা গাড়িটিকে আটক করে। একপর্যায়ে পিকআপ ভ্যানের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তেল লুট করে নিয়ে যায় তারা। পরদিন বুধবার সকালে চৌধুরী বাজার সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করা হয়।
সিরাজ মাঝির দাবি, অভিযুক্ত নিজাম উদ্দিন এখন বিষয়টি ধামাচাপা দিতে এক লাখ টাকা দাবি করছেন এবং টাকা দিলে তেল ফেরত দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। এছাড়া লুটের সময় চালকের কাছ থেকে নগদ এক লাখ টাকা ও একটি মেশিনের কুলার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চৌধুরী সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, প্রকৃত লুটকারীদের বিষয়ে ভুক্তভোগী নিজেই অবগত আছেন, কিন্তু তিনি তাদের নাম প্রকাশ না করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী তাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। ভুক্তভোগী নিজেই তেল উদ্ধারের চেষ্টা করবেন বলে আমাকে জানিয়েছেন। তবে তিনি ব্যর্থ হলে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
বার্তা বাজার/এমএমএইচ






