ঢাকা   বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে অফিস ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ায় বিএনপির ছয় নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার ও সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি বলেন, গত রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। দাওয়াত না পেয়ে ওই অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠে স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, গত সোমবার (২০ এপ্রিল) গাজীপুর ইউনিয়ন বিএনপি জরুরি সভা আহ্বান করে। ওই সভায় উপস্থিত ইউনিয়ন বিএনপির কমিটির ২২ সদস্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বহিষ্কারে একমত। পাশাপাশি উপজেলা বিএনপির কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। উপজেলা বিএনপি প্রতিবেদন মূলে তাদের বহিষ্কার করেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, সেখানে একটি বিদ্যালয়ে তালা লাগানো অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১৯ এপ্রিল) সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর কিছু সময় পরই গাজীপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সারোয়ার আউয়ালসহ কয়েকজন নেতা লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে এসে বিদায় অনুষ্ঠানে কেন দাওয়াত দেওয়া হয়নি কারণ জানতে চান।

এ সময় শিক্ষার্থীদের সামনেই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের গালাগাল দেন। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে ভয়ে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা এদিক সেদিক ছোটাছুটি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। এরপর বিএনপি নেতারা বিদ্যালয়ের অফিস কক্ষ, প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে চলে যান। তালা দেওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন। পরে ঘণ্টাখানেক পর বিএনপি নেতারা বিদ্যালয়ে এসে তালা খুলে দেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!