চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপকেন্দ্র থেকে মূল্যবান বৈদ্যুতিক তার চুরির ঘটনায় এক সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) রাতে খুলশী ও পাহাড়তলী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রাব্বি (২৮), মো. সুমন ওরফে পাইঙ্গা সুমন (৩১), মো. মুন্না (২৮), মো. জাফর আহমেদ (৪৭) এবং মো. পারভেজ উদ্দিন (২৮)।
পুলিশ জানায়, খুলশী থানাধীন শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন রেঞ্জ রোড উপকেন্দ্রের ওয়্যারলেস লাইন-১ ও ২-এর ফিডার সার্কিট ব্রেকার থেকে এইচ-পোল পর্যন্ত ৪x৯৫ আরএম কপার কন্ডাক্টর ফিডার ক্যাবল কেটে নিয়ে যায় চোরচক্রটি। এ ঘটনায় মো. ইফতেখার উদ্দিন বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা (নং-২৬) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে খুলশীর সেগুনবাগান এলাকা থেকে চোরচক্রের তিন সদস্য রাব্বি, সুমন ও মুন্নাকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানার সিডিএ মার্কেট এলাকার ‘মাহসিন ট্রেডার্স’ নামক দোকানে অভিযান চালিয়ে চোরাই মাল কেনাবেচায় জড়িত জাফর ও পারভেজকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে বস্তাভর্তি অবস্থায় ৪২.৫ কেজি ওজনের কর্তিত কপার কন্ডাক্টর বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
বার্তা বাজার/এস এইচ






