কুড়িগ্রামে জেয়ারা খাতুন রুজি নামের এক বিএনপি নেত্রীর নির্দেশে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ম-নীতি উপেক্ষা করে পশুর হাট বসানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই হাটের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি।
জেয়ারা খাতুন রুজি চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি সরকারি একটি স্কুলে শিক্ষকতাও হিসেবে কর্মরত আছেন।
২৮ মে বুধবার দুপুরে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্কুলের প্রধান ফটকে সাজানো গেটের পাশে মাঠের একপাশে পশু বেঁধে রাখার জন্য খুঁটি লাগানো হয়েছে।
জানা গেছে, পূর্বের বছরগুলোতেও সরকারি কলেজের মাঠে নিয়ম ভঙ্গ করে পশুর হাট বসানো হতো। এবার যদিও কলেজের মাঠে হাট বসেনি, তবে ইজারাদার দায়িত্বে থাকা ব্যক্তি বিদ্যালয়ের মাঠে হাট বসিয়েছে।
বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি সাক্ষাতের জন্য রাফি সাহেবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এবং অনুমতি সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান।
চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন, “আমি এই হাট বসানোর অনুমতি দিইনি। ইউএনওর কাছে বিষয়টি নিলে তিনি স্পষ্ট কোনও জবাব দেননি।”
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, “পশুর হাট বসানোর জন্য আমাদের কাছে কোনো আবেদন আসেনি এবং আমরা কোনো অনুমতিও দিইনি।”
এভাবে সরকারি প্রতিষ্ঠানের মাঠে নিয়ম উপেক্ষা করে পশুর হাট বসানোর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।





