কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই জনের মৃত্যু
কুষ্টিয়ায় ভিন্ন দুটি স্থানে সাপের কামড়ে দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। বুধবার (২৮ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা প্রাণ হারান।
মৃতদের মধ্যে একজন কালু হালসানা (৩৫), দৌলতপুর উপজেলার গবর গাড়া এলাকার নাহারুল ইসলামের ছেলে। অন্যজন কামরুজ্জামান (৫০), কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামের করিম প্রামানিকের ছেলে।
কালুর পরিবারের সদস্যরা জানান, ভোরে বাড়ির পাশে আম কুড়ানোর সময় একটি গোখরা সাপ তার হাতে কামড় দেয়। আহত অবস্থায় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
অন্যদিকে, কামরুজ্জামান কলা বাগান পরিচর্যার সময় কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকায় রাসেলস ভাইপার সাপে কামড়ে আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম এই ঘটনা নিশ্চিত করে সকলকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।





