বিএনপির নীতির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ: মোশাররফ হোসেনের আশ্বাস
কুয়াকাটায় বুধবার বিকেলে কুয়াকাটা পৌর যুবদলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশ আজ বিএনপির নীতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে। এই নীতিকে কাজে লাগিয়ে দেশের মানুষের সঙ্গে ভালোবাসা বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ মানুষের ওপর গুম, খুন ও হত্যার মতো ন্যাক্কারজনক কাজ করেছে, যা গত ১০ মাসে দেশের কোনো অঞ্চলে দেখা যায়নি। তারা এখন ভুল ক্ষমা চায়, কিন্তু দেশের জনগণ তাদের এসব ভুল কখনো ক্ষমা করবে না। তাই আপনাদের সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের আস্থা অর্জন করতে হবে।”
মোশাররফ হোসেন বলেন, বিএনপি শাসনামলে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের শাসনে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে ও লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বলে তার আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন প্রধান বক্তা ছিলেন। এছাড়া কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসল্লি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক মীর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে সম্প্রতি কুয়াকাটায় ফিরেছেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন। তার এই আগমন উপলক্ষে যুবদল তাকে সংবর্ধনা দিয়েছে।





