ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে ধাওয়া ও ইটপাটকেলের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন।
এ ঘটনায় তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এর আগে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে সিডস্টোর বাজার এলাকায় ফেরার পথে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় ইউএনওর সঙ্গে থাকা আনসার সদস্যরা কিছু ব্যবসায়ীর মালামাল সরিয়ে একটি মিনি ট্রাকে তুলতে গেলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে উচ্ছেদ অভিযানে থাকা দলকে ধাওয়া দেন।
ধাওয়ার মুখে ইউএনও নিরাপদে সরে গেলেও তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রুবেল মিয়া (২৮) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শেখ জান্নাতুল তাসলিমা জানান, আনসার সদস্যের হাঁটুতে আঘাত লেগেছে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মহাসড়কের দু’পাশে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক ঘন্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, ‘আমরা উচ্ছেদ করার পর আবার দখল নিয়ে বসেছিল। সেগুলো সরিয়ে দেওয়া হয়। এরপর তাঁরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। রাস্তা এখন মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। এতক্ষণে ক্লিয়ার হয়েও গেছে মনে হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘ইউএনও সুস্থ আছেন। তার গাড়িও অক্ষত রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’






